
সামনেই বার্ষিক পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতির জন্য শীতের সকালে বাড়ির ছাদেই পড়াশোনা করছিল সপ্তম শ্রেণির ছাত্রী আলিয়া খাতুন। বাড়ির পাশ দিয়েই গিয়েছে ৩৩ হাজার ভোল্টের হাইটেনশন তার। সেই তারেই কোনওভাবে অসাবধানতায় হাত লেগে যায় আলিয়ার। তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে গেলো বছর ১৩-র কিশোরী। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায়। এ দিন বিকেল নাগাদ ওই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। এদিকে ঘটনার পরেই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চন্দ্রকোনা থানার পুলিশ।