
গরমে সুইমিং পুলের নীল জলের প্রতি আকর্ষণ অনেকেরই বেড়ে গিয়েছে। অসহনীয় গরমে সারা ক্ষণই মনে হচ্ছে সুইমিং পুলের জলে শরীর ভাসিয়ে রাখতে। গরমে স্বস্তি পেতে অনেকে রোজই ডুব দিচ্ছেন জলের গভীরে। নীল জলরাশি শরীর আর মনের ক্লান্তি তো ধুয়ে দিচ্ছে। তবে জলে নামার আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার। কারণ অন্যান্য সময় সাঁতার কাটার অভ্যাস অনেকেরই নেই। তাই গরমে স্বস্তি পাওয়ার জন্য আগুপিছু না ভেবে জলের অতলে হারিয়ে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
নিয়মাবলি পড়ে নিন
সুইমিং পুলে সাঁতার কাটার কিছু নিয়ম থাকে। নোটিসবোর্ডে তা লেখাও থাকে। জলে নামার আগে সেখানে একবার চোখ বুলিয়ে নিন। সাঁতারের জন্য প্রয়োজনীয় উপকরণ কিংবা লাইফজ্যাকেট কোথা থেকে সংগ্রহ করবেন, সেটা জেনে নিন। না হলে পরে মুশকিলে পড়তে হতে পারে।
সঠিক পোশাক পরুন
সাঁতার কাটার জন্য সব সময় আঁটসাঁট পোশাক পরাই ভাল। অনেকেই স্নানপোশাক পরে সাঁতার কাটেন। তবে সুইমিং পুলে ক্ষতিকারক ক্লোরিন থাকে। ক্লোরিন ত্বকের ক্ষতি করে। তাই শরীর আবৃত থাকে, এমন পোশাক সাঁতারের জন্য বেছে নেওয়া ভাল।