সংবাদ আবির্ভাব : দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনায় শোরগোল। বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা সোনা-গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
জানা গিয়েছে, বাড়ির মালিক জয় নারায়ণ ভগত ও তাঁর স্ত্রী গতকাল দুপুরে মালদার গাজোলের একটি বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে, তাঁদের ছেলে রাত প্রায় আটটা নাগাদ বালুরঘাটে একটি বিয়েতে গিয়েছিলেন। ফলে রাতভর বাড়িটি ফাঁকাই ছিল।
অভিযোগ,এই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে হানা দেয়। তারা বাড়ি থেকে ৪ জোড়া সোনার কানের দুল, ২টি আংটি, ২টি হাতের পলা এবং নগদ ৯ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর লক্ষাধিক টাকার বলে জানা গিয়েছে।
রাত প্রায় তিনটে নাগাদ বাড়ির মালিক ও তাঁর পরিবার বাড়ি ফিরে এসে দেখেন সদর দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয়।
পরবর্তীতে বংশীহারী থানায় ঘটনার খবর জানানো হয়। খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।