
সংবাদ আবির্ভাব : ২০২৬ – এর বিধানসভা নির্বাচনেই তামান্না খাতুনের খুনীদের যোগ্য শাস্তি দেবেন বাংলার মানুষ। কেবল সময়ের অপেক্ষা, বাংলায় পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত। ” কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের সন্ত্রাসে নিহত বালিকা তামান্না খাতুনের মা’য়ের স্বাস্থ্যের খোঁজ নিতে এসে কলকাতার স্টুডেন্ট হেলথ হোমের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। প্রসঙ্গত উল্লেখ্য যে, মেয়ের খুনীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মৃত তামান্নার পরিবার ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন এর ফলে মানসিক চাপ সহ্য না করতে পেরে তামান্নার মা আত্মঘাতী হবার চেষ্টা করেন, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে কলকাতার স্টুডেন্ট হেলথ হোমে। তামান্নার মা’য়ের সঙ্গে কথা বলে এদিন শুভঙ্কর সরকার তাঁকে এই লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার করেন।
শুভঙ্কর বাবু সাংবাদিকদের বলেন যে, রাজ্য জুড়ে তৃণমূলের নৈরাজ্য চলছে। আর জি কর কান্ড, কসবা ল কলেজ কান্ড কিম্বা তামান্না খাতুনের হত্যা – কোনো ঘটনাতেই ভুক্তভোগী পরিবারগুলি সুবিচার পাননি।
ভোট চুরি নিয়ে বলতে গিয়ে শুভঙ্কর সরকার বলেন, রাহুল গান্ধী পরপর দুটি ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন করে ভোট চুরির ঘটনা সামনে আনেন। আজ অভিষেক ব্যানার্জী সব বিষয়ে রাহুল গান্ধীকে অনুকরণ করার চেষ্টা করেছেন।
শুভঙ্কর বাবু এও বলেন যে, কংগ্রেসের বিষয়ে নাক না গলিয়ে তৃণমূল আগে ঠিক করুক তাদের নেতা কে? মমতা ব্যানার্জী না অভিষেক ব্যানার্জী!
এদিন কংগ্রেস নেতা পার্থ ভৌমিক, আশুতোষ চট্টোপাধ্যায়, মানস সরকার, সুখেন দে’রা শুভঙ্কর সরকারের সঙ্গে নিহত তামান্না খাতুনের মা’কে দেখতে যান।