
বসিরহাট : ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ শক্তি বৃদ্ধি করায় সুন্দরবন উপকূলীয় এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সাধারণ মানুষের সুরক্ষায় বসিরহাট মহকুমার সুন্দরবন বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা।সুন্দরবনের নদীমাতৃক এলাকায় নজরদারি জোরদার করতে বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, ন্যাজাট, সন্দেশখালী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীপথে স্পিডবোট ও নৌকা নিয়ে মাইকিং প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী ও সাধারণ যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো অবস্থাতেই তারা বর্তমানে নদীপথে না যান।ঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে ন্যাজাট, সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জ সহ আশপাশের উপকূলীয় অঞ্চলগুলোতে কড়া নজরদারি চালায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। নিচু ও নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র গুলি ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত মানুষদের সেখানে নিয়ে আসা সম্ভব হয়। পরিস্থিতি পর্যালোচনা করে সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার জানান, প্রশাসনিকভাবে আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি। নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করতে একটানা মাইকিং প্রচার চলছে।ত্রাণ ও আশ্রয়কেন্দ্রগুলো খুলে তদারকি করা হচ্ছে।
উপকূলীয় এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকেন, সে জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম ববস্থা করা হয়েছে।