
নিজস্ব সংবাদদাতা: ০৬,০২,২০২৬:নাস্তিক মঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান সদর থানায় বিজেপি বিধায়ক ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক ও সংবিধান বিরোধী মন্তব্যের বিরুদ্ধে এফ আই আর দায়ের করার আবেদন করা হলো আজ। সম্প্রতি শুভেন্দু অধিকারী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন,নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্থানে হিন্দুদের রাজত্ব চলবে।
ভারতের সংবিধানের প্রস্তাবনায় “ধর্মনিরপেক্ষ”শব্দটি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত। সংবিধানের ২৫ থেকে ২৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা প্রদান করেছে।
একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তিনি সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী সংবিধানের প্রতি সত্যনিষ্ঠ থাকা ও দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় শপথ গ্রহণ করেছেন। সেই অবস্থান থেকে এইধরনের বক্তব্য সংবিধানের চেতনার পরিপন্থী এবং সমাজে ধর্মীয় বিদ্বেষ ও বিভাজন সৃষ্টি করতে পারে।বিষয়টি আইনগতভাবে তদন্ত করে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায়,যেমন-সংবিধান অবমাননা, সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়া ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার সঙ্গে সংশ্লিষ্ট ধারায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবিলম্বে একটি এফ আই আর নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত ও প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয়েছে বর্ধমান সদর থানার অফিসার ইনচার্জের নিকট।
নাস্তিক মঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক রাজেন সামন্ত, সভাপতি সেখ জানে আলম, বিকাশ বিশ্বাস, তুষার ঘোষ সহ অন্যান্য সদস্যগণ।
পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে যেতেও বদ্ধপরিকর বলে জানান উপস্থিত সকলেই।
নাস্তিক মঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সমস্তধরণের ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী বেহুঁশ মানুষদের তীব্র ধিক্কার জানিয়ে, বিশ্বের সমস্ত ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান বস্ত্তবাদী সংগ্রামী যুক্তমঞ্চ, প্রগতিশীল জনফ্রন্ট, মুক্তিকামী নাগরিক সমাজ, দূষণমুক্ত পরিবেশ মঞ্চ,গণ সংগ্রাম কমিটি, গ্রীণ ওয়ার্ল্ড সোসাইটি,পরিশ্রমজীবী মানুষদের সমাজবিপ্লবী ফ্রন্ট, মুক্তিপক্ষ, নো ভোট টু ক্যাপিটালিস্ট ফ্রন্ট, মুক্তপক্ষ, সবুজায়ন, মৌলিক অধিকার অর্জনকারী গণমঞ্চ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সমাজকর্মীরা। সঞ্জীব মন্ডল,সুজয় পোদ্দার, নারায়ণ চন্দ্র সাহা, অপূর্ব চট্টোপাধ্যায়, সূর্যেন্দু চট্টরাজ, রুবিনা হক রীণা, কেতকী মির্জা, বিশ্বজিৎ বিশ্বাস, লক্ষণ দাস ঠাকুরা, রাজীব শীল, কানাই লাল বিশ্বাস সহ অন্যান্যরা।