‘কমিশন এমনভাবে কাজ করুক, যাতে প্রশ্নের মুখে না পড়তে হয়’, খাম প্রতীক মামলায় রায়দান স্থগিত রেখে জানালো হাইকোর্ট

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

সোমবার কলকাতা হাইকোর্টে উঠে আইএসএফের প্রতীক সংক্রান্ত মামলা। ‘একটি দল যে প্রতীকে একাধিক নির্বাচনে লড়েছে, সেই প্রতীক অন্য দলকে দেওয়া হল কী ভাবে? ‘আইএসএফের প্রতীক সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।একই সঙ্গে এমন ভাবে কাজ করার বার্তা দেন, যাতে ভবিষ্যতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে আদালতকে হস্তক্ষেপ করতে না হয়।আসন্ন দুই উপনির্বাচনে ‘খাম’ প্রতীক পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ঋতব্রত-শিবির। অন্য দিকে, ওই প্রতীকে একাধিক বার নির্বাচনে লড়া আইএসএফকে দেওয়া হয়েছে ‘আলমারি’ প্রতীক। প্রতীক বদলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। সোমবার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।এই শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, -‘আইএসএফ আগে ‘খাম’ প্রতীকে লড়েছে জানা সত্ত্বেও অন্য একটি দলকে ওই প্রতীক দেওয়া হল কী ভাবে। আগের প্রতীকের উপর আইএসএফের অধিকার না থাকলেও তারা সেটি চেয়েছিল-এই আবেদন বিবেচনার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তের ভিত্তি কী ছিল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।’ নির্বাচন কমিশনের কাছে প্রতীক বরাদ্দের সিদ্ধান্তের নথি এবং কোন আইনি ধারার ভিত্তিতে তা করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।নির্বাচন কমিশনের উদ্দেশে বিচারপতি রাও বলেন, ‘হাইকোর্ট কর্তৃপক্ষের, ( নির্বাচন কমিশন) কাজে উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমন ভাবে কাজ করুন, যাতে পরে তাঁদের প্রশ্নের মুখে পড়তে না-হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না হয়।’ একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, ‘আগের প্রতীক পাওয়া আইএসএফ-এর অধিকার হয়তো নয়, কিন্তু এটা তাদের চাওয়া স্বাভাবিক।’ এই সূত্রেই কমিশনের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘আপনারা অন্য একটা দলকে কী করে সেই প্রতীক দিয়ে দিলেন?’কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, ‘সাধারণ নির্বাচন এবং উপনির্বাচন আলাদা। এটা কমিশনের যুক্তি। একটা ভোটের ফল বেরিয়ে গেলেই নির্বাচনী প্রক্রিয়া শেষ। ফ্রি সিম্বল বা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কমিশনই শেষ কথা বলে। তা ছাড়া এই ব্যাপারে কারও কোনও অধিকার নেই। প্রতীক কারও সম্পত্তি নয়।’ এখন দেখার কলকাতা হাইকোর্ট এই মামলার কি রায়দান দেয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *