
সৌরভ দত্ত,কলকাতা: তৃণমূল আমলে কাটমানি, দুর্নীতি এই শব্দগুলো অহরহ সামনে আসত। রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয় নতুন সরকার। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনওভাবেই পার পাওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কাটমানি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল।
এদিন ভবানীভবনে ওই হেল্পলাইন নম্বরগুলির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বার্তা, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। সেই লড়াইয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। রাজ্যের স্পষ্ট বার্তা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে।
তৃণমূল আমলে কাটমানি, সিন্ডিকেটের কথা প্রায়ই শোনা যেত। সেসব বন্ধে এবার আলাদা আলাদা হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মোট ৪টি হেল্পলাইন চালু করা হল। কাটমানির অভিযোগ জানাতে একটি টোল ফ্রি নম্বর। সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে আর একটি হেল্পলাইন নম্বর। জেনে নিন, কোন হেল্পলাইন নম্বরে কোন অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।
কাটমানি নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৪
সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৫
অনৈতিকভাবে রোড ট্যাক্স কিংবা টোল আদায় নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল-১৫৫৩৩৭
অবৈধ চোলাই মদ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৯
বিভিন্ন গ্রাম-গঞ্জে মহিলারা অবৈধ চোলাই মদ নিয়ে প্রায়ই সরব হন। অনেক সময় চোলাই মদের ভাটি ভাঙতে মহিলারাই আসরে নামেন। এবার এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই দ্রুত পদক্ষেপ করবে প্রশাসন। তেমনই কোনও সরকারি প্রকল্পে কেউ কাটমানি চাইলেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। তৃণমূলের আমলে শহরাঞ্চলে সিন্ডিকেটের দাপট মাত্রা ছাড়িয়েছিল বলে অভিযোগ। এবার সিন্ডিকেটের জুলুমবাজি রুখতেও টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য।
টোল ফ্রি নম্বর চালু নিয়ে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল বলেন, “রাজ্যের যেকোনও প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এই কন্ট্রোল রুম। প্রত্যেকটি কল রেকর্ড করা হবে। প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি করার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। অভিযোগের ভিত্তিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা রিভিউ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা করা হবে। SOP তৈরি করা হয়েছে। রাজ্যে দুর্নীতির যে ক্যানসার ছড়িয়ে পড়েছিল, তার সমাধানের জন্য এই পদক্ষেপ।”
দুর্নীতি দমনে টোল ফ্রি নম্বর নিয়ে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “তারাতলায় বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী বিধানসভায় কাগজ দেখিয়ে বললেন, দেখুন কার সই রয়েছে। কাউকে ছাড়া হবে না। ভালো তৃণমূল হয়ে গেল, মুখ্যমন্ত্রী সব ভুলে গেলেন। আবার মুখ্যমন্ত্রী নাম করে বলেছেন, ৮০ থেকে ৯০টি বেআইনি নির্মাণ করেছেন। ভালো তৃণমূল হয়ে গেল। মুখ্যমন্ত্রী তার সঙ্গে হেসে কথা বলছেন। পুলিশ আর দেখতে পাচ্ছে না। সুতরাং টোল ফ্রি নম্বর, দুর্নীতির বিরোধিতা, সব মানলাম। কিন্তু, যারা ভালো তৃণমূল হতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে পুলিশ চোখ বুঝে বসে থাকছে। এটা করলে আর টোল ফ্রি নম্বরের কী মানে রয়েছে।”