
সৌরভ দত্ত, কলকাতা:
৪৭ বছর পরেও আজও বাঙালির কাছে উত্তম কুমার এক ও অদ্বিতীয় । শুক্রবার উত্তম কুমারের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সময়সূচী মেনেই বেলা বারোটার আগেই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। উত্তম স্মরণে মহানায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী।
এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন রাষ্ট্রমন্ত্রী , তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ-সহ গেরুয়া শিবিরের আরও অনেক সদস্যই। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়, পরিবারের সদস্যরা ও শিল্প-সংস্কৃতি জগতের অনেকেই। গানে গানে উত্তম কুমারকে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী।
কেওড়াতলা মহাশ্মশান থেকেই মহানায়কের জন্মদিন পালনের পরিকল্পনা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মৃত্যুবার্ষিকীর থেকেও জন্মদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন। সেই উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত শতবর্ষ পালন করা হবে।
তার জন্য নিজে উদ্যোগ নিয়ে রবীন্দ্রসদনে একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হবে।সেই কমিটির নির্দেশ অনুযায়ীই সমস্ত ব্যবস্থা করা হবে। মহানায়কের নামে শহরে তৈরি হবে একটি ফিল্ম সেন্টার। এছাড়াও কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চের আধুনিকীকরণ করা হবে ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্তরের অন্তস্থল থেকে মহানায়ক উত্তম কুমারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শেষ করেছেন মুখ্যমন্ত্রী। এরপর মহানায়কের ভবানীপুরের বাড়িতে গিয়ে মহানায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান মুখ্যমন্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
অপরদিকে রাষ্ট্রমন্ত্রী ,তথ্য সংস্কৃতি দপ্তরে প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কেওড়াতলা মহাশ্মশান,আহিরীটোলায় মহানায়ক উত্তম কুমারের জন্মস্থান (মামার বাড়ি), টালিগঞ্জে, নন্দনে মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নন্দনে শিল্পী সংসদ আয়োজিত সাত দিনব্যাপী উত্তম চলচ্চিত্র উৎসবে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা।
শিল্পী সংসদের অপর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনে কথায় ও গানে মহানায়কের এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।