মেসি কান্ডে অরুপ বিশ্বাসের আইনী রক্ষাকবচে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ

Spread the love

মোল্লা জসিমউদ্দিন, সংবাদ আবির্ভাব

মঙ্গলবার যুবভারতী কাণ্ডে বড় স্বস্তি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চললেও হাইকোর্টের দেওয়া রক্ষাকবচে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত গ্রেফতারি বা কড়া আইনি পদক্ষেপের আশঙ্কা থেকে কিছুটা স্বস্তিতেই থাকছেন অরুপ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ পূর্বে যে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছিল, তাতে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়া এই আইনি সুরক্ষার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন যুবভারতী মামলার অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মামলার শুনানিতে তাঁর আইনজীবী সওয়াল করেন, -‘অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না।ঘটনার পর শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে, কিন্তু পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে’। অন্যদিকে, অরূপ বিশ্বাসের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কিশোর দত্ত অভিযোগকারীর আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, -‘আদালত একবার তদন্ত সংক্রান্ত নির্দেশ দেওয়ার পর অভিযোগকারীর সেই তদন্ত নিয়ে বলার অধিকার থাকে না’। তাই আবেদনটি খারিজ হওয়া উচিত বলেও তিনি দাবি করেন।এদিনকার শুনানির সময় ডিভিশন বেঞ্চ জানতে চায়,-‘ অরূপ বিশ্বাস তদন্তকারী সংস্থার সহযোগিতা করছেন কি না? এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় হাজিরা দিচ্ছেন কি না?’।এই বিষয়ে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, ‘প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন। হাজিরাও দিচ্ছেন।’ রাজ্যের এই বক্তব্য শোনার পর আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে ২ জুলাই। অন্যদিকে, সিঙ্গেল বেঞ্চের পূর্ববর্তী নির্দেশ অনুসারে আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচ কার্যকর রয়েছে। এরফলে আগামী শুনানির দিন পর্যন্ত আইনি সুরক্ষা বজায় থাকছে প্রাক্তন মন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *