

সৌরভ দত্ত,সংবাদ আবির্ভাব,কলকাতা: দু বছর আগে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের পুনর্তদন্ত করবে রাজ্য সরকার৷ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের পাশাপাশি কমিশন আইন মেনে রাজ্য সরকার নতুন করে এই তদন্ত করবে বলে এ দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
আরজি কর কাণ্ডের পুনর্তদন্ত করবে রাজ্য৷
এ দিন পানিহাটিতে অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় গিয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, দু বছর আগে পানিহাটি শ্মশানে কেন তড়িঘড়ি আরজি করের নির্যাতিতা চিকিৎসকের দেহ সৎকার করা হয়েছিল, তারও আলাদা করে তদন্ত করবে রাজ্য৷ পানিহাটি শ্মশানে সেদিন কী ঘটেছিল, তা তদন্ত করে দেখার জন্য ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও এ দিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী পরে বলেন, সিবিআই-এর তদন্তকারী দল বদল হয়েছে৷ সিবিআই যেমন তদন্ত করছে করবে, আদালতও কড়া নজরদারি রাখছে৷ পুলিশের তদন্তেও যাঁদের নাম উঠে আসবে, পুলিশ দেখবে৷
এ দিন পানিহাটিতে অভয়ার স্মরণে একটি ট্রাস্টেরও উদ্বোধন হয়৷ সেই অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী বলেন, ‘মাননীয়া রত্নাদেবীর একটি চিঠি পেয়েছি৷ তিনি পুনর্তদন্তের জন্য আমাকে একটি চিঠি দিয়েছেন৷ যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চলছে, তাই আমি মুখ্যসচিব সহ আমাদের সব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ১৯৫২ সালের স্পেশ্যাল কমিশন অ্যাক্ট-এর আওতায় ওনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম৷’