‘ভারত উদ্যোগিক বিকাশ যোজনা’ বা ‘ভব্য’ স্কিমে রাজ্যের অংশগ্রহণের রূপরেখা তুলে ধরেন শিল্পমন্ত্রী তাপস রায়

Spread the love

সৌরভ দত্ত, সংবাদ আবির্ভাব,কলকাতা:
বিগত ১৫ বছর ধরে অনাবাদী ও শিল্পহীন পড়ে থাকা সিঙ্গুর নিয়ে নতুন করে তৎপরতা শুরু করল রাজ্য সরকার । সিঙ্গুরে শিল্পায়নের স্বার্থে পুনরায় টাটা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করার পাশাপাশি বিগত রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় । নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, সিঙ্গুরে যা হয়েছিল তা গায়ের জোরে জবরদস্তি করে করা হয়েছিল।

সিঙ্গুরের বর্তমান অবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সিঙ্গুরে তো গত ১৫ বছরে শিল্পও হয়নি, আবার কৃষিও হয়নি। আমরা সিঙ্গুর নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছি। টাটাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যাতে ওদের আবার রাজ্যে আনা যায়। শুধু গাড়ি শিল্প নয়, টাটা গোষ্ঠীর আরও রকমারি শিল্প ক্ষেত্র রয়েছে, আমরা সবকটি পথই চেষ্টা করে দেখব।”

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ‘ভারত উদ্যোগিক বিকাশ যোজনা’ বা ‘ভব্য’ স্কিমে রাজ্যের অংশগ্রহণের রূপরেখা তুলে ধরেন শিল্পমন্ত্রী। ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘পিএলআই’ প্রকল্পের সাফল্যের পর দেশে পরিকাঠামোগত উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে ৩৩,৬৬০ কোটি টাকা বরাদ্দের এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্র। রাজ্য এবং বেসরকারি লগ্নিকারীদের যৌথ অংশীদারিত্বে এই প্রকল্প রূপায়িত হবে।
বিগত সরকারের সমালোচনা করে তাপস রায় বলেন, “ভব্য স্কিমের সুবিধা পেতে গেলে কিছু নির্দিষ্ট পরিকাঠামোগত অবস্থান থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আগের সরকারের থেকে আমরা কিছুই উত্তরাধিকার সূত্রে পাইনি—না ছিল কোনও ল্যান্ড ব্যাংক, না ছিল নির্দিষ্ট শিল্পনীতি! এমনকি প্রকল্পের ডিপিআর তৈরি করার মতো কোনও এজেন্সি পর্যন্ত ছিল না আমাদের হাতে। ফলে শূন্য থেকে সব কিছু আমাদের নিজেদের তৈরি করতে হচ্ছে।”

তিনি আরও জানান, কেন্দ্রের তরফে এই স্কিমে প্রস্তাব পাঠানোর মূল সময়সীমা ছিল জুলাই ও অগস্ট মাস, যা পরবর্তীতে বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে অগস্ট মাসের মধ্যেই রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে। ভব্য স্কিমের আওতায় নদীয়ার ধুবুলিয়ায় ১১৮.৫ একর জমি এবং আসানসোলের ঢাকেশ্বরী এলাকায় নির্ধারিত ১৯৩.২৯ একর জমির মধ্যে ১৪৮.৬১ একর জমিকে চিহ্নিত করা হয়েছে। এই দুটি প্রকল্পের বিস্তারিত প্রস্তাবই কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তাপস রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *