একুশে জুলাই মামলায় আদালত অবমাননার নোটিশ মমতা – অভিষেক কে

Spread the love

মোল্লা জসিমউদ্দিন, সংবাদ আবির্ভাব

দীর্ঘদিন ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করে এসেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওই কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকরা। এরফলে প্রতি বছরই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী—দুর্ভোগে পড়েন অনেকেই।এবার সেই সমাবেশ নিয়েই বড় আইনি জটিলতায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশিকা অগ্রাহ্য করে বছরের পর বছর ধর্মতলায় শহিদ সমাবেশ করার অভিযোগে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট। তাঁদের নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০১৮ সালে তৃণমূল-সহ রাজ্যের মোট ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেসময় মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় আদালত পর্যবেক্ষণ করেছিল, -‘বড় রাজনৈতিক সভা বা মিছিলের কারণে কলকাতায় তীব্র যানজট তৈরি হয়। এর ফলে সাধারণ মানুষ, নিত্যযাত্রী এমনকি জরুরি পরিষেবাও সমস্যার মুখে পড়ে’। আদালত তখন স্পষ্ট জানিয়েছিল, -‘রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না। অ্যাম্বুল্যান্স বা অন্যান্য জরুরি পরিষেবার পথ যাতে বন্ধ না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে’। সভা বা মিছিলের জন্য কোনও বড় বা প্রধান রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। কোনও সভা বা মিছিলকে কেন্দ্র করে ভাঙচুর বা অশান্তি হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল রাজ্যের উচ্চ আদালত।অভিযোগ, সেই নির্দেশিকা থাকা সত্ত্বেও বছরের পর বছর ধর্মতলায় ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ হয়েছে। রাস্তা আটকে ভিড় জমেছে, যান চলাচল ব্যাহত হয়েছে। সেই কারণেই এবার আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল কলকাতা হাই কোর্ট।।২১ জুলাই ধর্মতলায় সভা করে বিপাকে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশ অবমাননায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূল দলের চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে নোটিশ দিল। নোটিশ ধরাতে নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।আগামী ৩ জুলাই মামলার শুনানি সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *