
মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব
সোমবার কলকাতা হাইকোর্ট ‘বন্দে মাতরম’ রাজ্যের সব স্কুলে গাইতেই হবে– এই সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল । এই বিষয়ে আগামী ৬ জুলাইয়ের মধ্যে রাজ্যকে তাদের অবস্থান স্পষ্ট করে লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এদিন এই মামলার শুনানির সময় রাজ্যের উচ্চ আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, -‘আইনি প্রক্রিয়া চলাকালীন গান না গাওয়ার কারণে কারও বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা না হয়।’ রাজ্যের উচ্চ আদালত আশা প্রকাশ করে জানিয়েছে, -‘এই অন্তর্বর্তীকালীন সময়ে ‘বন্দে মাতরম’ গানটি না গাওয়ার জন্য রাজ্য সরকার বা সংশ্লিষ্ট কোনও কর্তৃপক্ষ যেন কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক বা নীতিবাচক পদক্ষেপ না নেয়। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা জরুরি।’ কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। সরকারি আইনজীবী জানান যে, -‘জাতীয় গান না গাওয়ার কারণে কোনও মাদ্রাসার পক্ষ থেকে বা মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও ধরনের শাস্তিমূলক বা ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া হয়নি’।রাজ্য সরকার বোঝাতে চেয়েছে যে, মাদ্রাসায় এই গান গাওয়া নিয়ে জোরজুলুম বা হেনস্থার যে আশঙ্কা তৈরি হয়েছিল, বাস্তবে তার কোনও ভিত্তি নেই।মামলাকারী আইনজীবী হিসাবে রয়েছেন সামিম আহমেদ। রাজ্য মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানিয়েছেন -” বন্দেমাতরম বাধ্যতামূলক হোক তা আমরা চাইনা, কেউ স্বেচ্ছায় গাইলে গাইতে পারে।তাতে আমাদের অসুবিধা নেই। বাধ্যতামূলক নীতির কড়া বিরোধিতা করছি”।