
মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব
ফের কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছে যান মমতা। বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করলেন তিনি। মঙ্গলবার দুপুর ১টা বেজে ৫০ মিনিট নাগাদ কলকাতা হাইকোর্টে এসে পৌঁছন তিনি।তাঁর সঙ্গে ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন। হাইকোর্টে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি ওথ কমিশনের দফতরে যান। ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করেন তিনি। ভবানীপুর নিয়ে ইলেকশন পিটিশন করেছেন তিনি। জানা গিয়েছে, ওই সংক্রান্ত বিষয়েই হলফনামা দাখিল করেছেন। প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় একই ভাবে নির্বাচন পিটিশন দায়ের করেছিলেন হাইকোর্টে। সেই মামলা এখনও ঝুলে রয়েছে আদালতে।এর আগে গত ১৪ মে হাইকোর্টে গিয়েছিলেন মমতা। ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে গিয়েছিলেন তিনি। সেই বার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এজলাস থেকে মমতা বেরোনোর পর তাঁকে লক্ষ্য করে স্লোগান উঠেছিল।উল্লেখ্য, রাজ্যরাজনীতির ইতিহাসে মমতার এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা। নন্দীগ্রাম ২০২১ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে করা মমতার মামলার নিষ্পত্তি হওয়ার আগেই দ্বিতীয় বার মামলা। পরপর দুই সাধারণ নির্বাচনে একই পরাজিত প্রার্থী, অর্থাৎ মমতা এবং পরপর দুই বারই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আর্জি হাইকোর্টে। আর পরপর দু’বারই জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী।অন্যদিকে রাজারহাট গোপালপুর বিধানসভার ২০২৬-এর ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এই ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মঙ্গলবার ইলেকশন পিটিশন দায়ের করলেন রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী।৩১৬ ভোটে পরাজিত হয়েছেন তিনি।