
মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব
সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শালবনি জমি প্লট দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে এই মামলায় তাঁর গ্রেফতারির আশঙ্কা আরও বেড়ে গেল বলে মনে করছে আইনজীবীদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের মামলা খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।রাজ্যের উচ্চ আদালতের পর্যবেক্ষণ, -‘সরকারি জমির প্লট বরাদ্দকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর’। তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বয়ানে সুমিত রায়ের নাম উঠে এসেছে বলেও আদালতে জানানো হয়। সেই কারণেই তদন্তের স্বার্থে তাঁকে আগাম জামিন দেওয়া উচিত হবে না বলে মত আদালতের। অন্যদিকে, ডেবরা চাকরি দুর্নীতি মামলায় অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছেন সুমিত রায়। ওই মামলায় শর্তসাপেক্ষে তাঁকে আগাম জামিন দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে এবং তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে হবে।তদন্তকারী সংস্থার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩০ লক্ষ টাকার দাবি করা হয়েছিল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ৬ লক্ষ টাকার লেনদেনও হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, একাধিক মামলায় সুমিত রায়ের নাম সামনে এসেছে। গত সপ্তাহে তোলাবাজির একটি মামলার তদন্তে তার নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছয় পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একটি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ‘সেবাশ্রয়’-এর নামে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। সেই মামলার তদন্তও এখনও চলছে।, পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় একটি পৃথক চাকরি দুর্নীতির মামলাতেও সুমিত রায়ের নাম রয়েছে। সেই মামলায় আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। তবে আদালত শর্ত দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে তাঁকে। ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে ডাকা হলে তখনও সহযোগিতা করতে হবে।