
মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব
সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এক পড়ুয়ার ‘এসআইআর’ সংক্রান্ত মামলার শুনানি চলে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে রাজ্যের উচ্চ আদালত।এসআইআর এর জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে ।এর ফলে আইআইটি কানপুরে পিএইচডিতে ভর্তি হওয়া যাচ্ছে না। এইরূপ সমস্যায় জর্জরিত এক পড়ুয়ার দ্রুত স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর আপিল ট্রাইব্যুনালকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। আগামী এক সপ্তাহে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন -‘ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আইআইটি কানপুরের পদার্থবিদ্যা বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন আয়ান নওয়াজ। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এবং এসআইআর আপিল ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকায় ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে’। যাতে ভর্তিতে কোনও সমস্যা না হয় তাই তিনি আদালতের কাছে ট্রাইব্যুনালকে দ্রুত আপিল নিষ্পত্তির নির্দেশ দেওয়ার আর্জি জানান। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাও বলেন, -‘এসআইআরে আপিল ঝুলে থাকার কারণেই আবেদনকারীর ভর্তি আটকে রয়েছে’। সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে আবেদনকারীর আপিল নিষ্পত্তির আর্জি জানান তিনি। প্রসঙ্গত , পশ্চিমবাংলায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরে বিচারাধীন থাকা নামগুলি নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ওই ট্রাইব্যুনাল গঠন করেন। এসআইআরে কয়েক লাখ নাম বিচারাধীন তালিকায় রয়েছে । যাঁদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে , তাঁরা নথি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান। জোকায় এই ট্রাইব্যুনালের দপ্তর খোলা হয়েছে। সেখানেই বিচারাধীন থাকা নামের নিষ্পত্তি করা হচ্ছে।তবে ভুক্তভোগীদের অভিযোগ – এই ট্রাইবুনালের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে।বাধ্য হয়ে অনেকেই দ্রুত নিস্পত্তির আশায় কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছেন।