
সংবাদ আবির্ভাব, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের হাইকোর্ট লিগ্যাল ইউনিটে সরকারি প্যানেল আইনজীবী নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মাননীয় কলকাতা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা (PIL) দায়ের।আজ মাননীয় কলকাতা উচ্চ আদালতে পশ্চিমবঙ্গ সরকারের হাইকোর্ট লিগ্যাল ইউনিটে সরকারি প্যানেল আইনজীবীদের নিয়োগ (Empanelment) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা (Public Interest Litigation – PIL) দায়ের করা হয়েছে।
উক্ত জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে যে, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়াটি ছিল স্বেচ্ছাচারী, পক্ষপাতদুষ্ট, বেআইনি এবং আইনের শাসনের পরিপন্থী। আরও অভিযোগ করা হয়েছে যে, বহু যোগ্য ও প্রকৃত প্রার্থীকে ন্যায্য বিবেচনা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় প্রাকৃতিক ন্যায়বিচারের (Principles of Natural Justice) মৌলিক নীতিমালা লঙ্ঘিত হয়েছে। এছাড়াও, মাননীয় সুপ্রিম কোর্টের বাধ্যতামূলক রায় ও নির্দেশাবলি অনুসরণ না করেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। সেই কারণে উক্ত নিয়োগ প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে বাতিল করার আবেদন জানানো হয়েছে।
এই জনস্বার্থ মামলাটি বৃহত্তর জনস্বার্থে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় কলকাতা উচ্চ আদালতের আইনজীবী অ্যাডভোকেট রোমিত দত্ত দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে যে, সরকারি প্যানেল আইনজীবীরা জনগণের করের অর্থ থেকে পারিশ্রমিক গ্রহণ করেন এবং রাষ্ট্রের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেন। ফলে তাঁদের নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ, ন্যায্য, মেধাভিত্তিক এবং ভারতের সংবিধান, প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি ও মাননীয় সুপ্রিম কোর্টের ঘোষিত আইন অনুসারে পরিচালিত হওয়া আবশ্যক।
জনস্বার্থ মামলায় মাননীয় কলকাতা উচ্চ আদালতের নিকট প্রার্থনা করা হয়েছে যে, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার বৈধতা বিচার করে সংবিধান, আইনের শাসন, প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি এবং মাননীয় সুপ্রিম কোর্টের বাধ্যতামূলক নির্দেশাবলির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত আদেশ প্রদান করা হোক।
বিষয়টি বর্তমানে মাননীয় কলকাতা উচ্চ আদালতের বিচারাধীন।