পুরভোটে ইভিএম সংকট কাটাতে হাইকোর্টে কমিশন

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

রাজ্যে সামনে পুরসভা নির্বাচন রয়েছে । তবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে নেই রাজ্য নির্বাচন কমিশনের। ঠিক এই পরিস্থিতিতে জেলায় জেলায় স্ট্রংরুমে রাখা ইভিএমগুলি নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য রাজ্যের উচ্চ আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।রাজ্য নির্বাচন কমিশনের দাবি, -‘বিভিন্ন জেলার স্ট্রংরুমে বিপুল সংখ্যক ইভিএম মেশিন রাখা রয়েছে। অথচ পুরসভা নির্বাচন পরিচালনার জন্য কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই।’ এর ফলে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় যন্ত্রের জোগান নিশ্চিত করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে স্ট্রংরুমে থাকা ইভিএমগুলি জেলা প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করে রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সময়মতো ইভিএম হাতে পাওয়া অত্যন্ত জরুরি। এই মামলার দ্রুত শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা। কমিশনের তরফে জরুরি ভিত্তিতে বিষয়টি শুনানির আবেদন জানানো হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।পুরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা, বুথ পরিকাঠামো এবং ভোটগ্রহণের অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ইভিএমের পর্যাপ্ত জোগানও গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে না থাকার বিষয়টি কমিশনের প্রস্তুতিতে নতুন প্রশ্ন তুলেছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *