প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকাল’-এর আহ্বানে কালীঘাটের মৃৎশিল্পীদের কাছেই গণেশ প্রতিমার বায়না করল কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল

Spread the love

সংবাদ আবির্ভাব,কলকাতা, ২৯ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি মাটির গণেশ প্রতিমা ব্যবহার করার আহ্বানের পরিপ্রেক্ষিতে উদ্যোগী হলো কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল। সোমবার কালীঘাটের পটুয়াপাড়ায় গিয়ে এবারের গণেশ পুজোর প্রতিমার বায়না করেন সংগঠনের সভাপতি তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রীতম সরকার।

জিতেন্দ্র তিওয়ারি বলেন, “গতকাল ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন করেছেন, গণেশ পুজোয় স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রতিমা ব্যবহার করতে। সেই আহ্বানে সাড়া দিয়েই আমরা আর দেরি না করে আজই এবারের গণেশ পুজোর প্রতিমার বায়না করলাম।”

উল্লেখ্য, কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের গণেশ পুজোর উদ্বোধন প্রতি বছর করেন শ্রী শুভেন্দু অধিকারী। গত বছরও একই মৃৎশিল্পীর কাছেই প্রতিমার বায়না দিতে গিয়েছিলেন সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু পরে ওই মৃৎশিল্পীর পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় পুলিশ গিয়ে তাঁদের হেনস্থা করে। পরিবারের দাবি, এই পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নেওয়া হয়েছিল।

এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর একই জায়গায় গিয়ে পুনরায় প্রতিমার বায়না দেওয়াকে স্থানীয় শিল্পীদের প্রতি সমর্থন ও ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের প্রতি অঙ্গীকারের প্রতীক বলেই জানিয়েছে সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *