ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতে চার্জশিট দাখিল এনআইএর

Spread the love

মোল্লা জসিমউদ্দিন, সংবাদ আবির্ভাব

ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় ৮৭ দিনের মাথায় কলকাতার বিশেষ এনআইএ আদালতে ৬৫ পাতার একটি চার্জশিট জমা দিল এনআইএ । এই মামলায় অন্যতম হেভিওয়েট তৃণমূল নেতা শওকত মোল্লা-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে এনআইএ। ১৯জুন শওকতের এনআইএ হেফাজত শেষের পর সংস্থার পক্ষ থেকে তাঁর বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানানো হয়।শওকত মোল্লাকে প্রেসিডেন্সি জেল ছাড়া অন্য কোনও জেলে পাঠানোর আবেদন জানায় এনআইএ। এর বিরোধিতা করে শওকতের আইনজীবী কটাক্ষের সুরে বলেন, “এবার কি উনারা ঠিক করে দেবেন যে বন্দি কোন জেলে থাকবেন?” এর প্রতুত্তরে এনআইএ-র আইনজীবী জানান, -‘শওকতের নিজের নিরাপত্তার স্বার্থেই এই আবেদন করা হয়েছে’ ।শওকতের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি। এর জবাবে এনআইএ-র আইনজীবী আদালতকে জানান, “ঘটনার সময় শওকত বিধায়ক ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী। উনি এতটাই ক্ষমতাশালী ছিলেন যে স্থানীয় থানার পুলিস বা মূল অভিযোগকারী কেউই ভয়ে ওনার নাম নেওয়ার সাহস পাননি।” এনআইএ আরও অভিযোগ করে, শওকত তদন্তে মোটেও সহযোগিতা করছেন না এবং তাঁকে যখন গ্রেফতার করতে যাওয়া হয়েছিল, তখন তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। শওকতের আইনজীবী অবশ্য পাল্টা প্রশ্ন তোলেন, এই চাঞ্চল্যকর দাবি নথিতে বা রেকর্ডে রয়েছে কি না?কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর দাবি, গত বিধানসভা নির্বাচনে আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল, গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি। ঘটনার তদন্তে নামতেই এনআইএ-র স্ক্যানারে উঠে আসে শওকত মোল্লার নাম। এনআইএ-র অভিযোগ, এই মামলার গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গেছে বলে আদালতে জানিয়েছে এনআইএ-র তরফের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *