
নিজস্ব সংবাদ দাতা, সংবাদ আবির্ভাব : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক ও জনপরিসরে বিতর্কের আবহের মধ্যেই বিষয়টি এবার দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের দোরগোড়ায় পৌঁছেছে । সুপ্রিম কোর্টের আইনজীবী, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্টস-এর সদস্য জয়দীপ মুখার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কাছে পৃথক চিঠি পাঠিয়ে অনন্ত মহারাজের বিরুদ্ধে দ্রুত ও উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
২৬ জুলাই পাঠানো ওই চিঠিতে জয়দীপ মুখার্জির অভিযোগ, অনন্ত মহারাজের বক্তব্য শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, স্বাধীনতা যুদ্ধের আত্মবলিদান দেওয়া বীর শহিদদেরও অপমান করেছে। তাঁর দাবি, দেশের স্বাধীনতার ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদাকে খাটো করে এমন মন্তব্য কোটি কোটি ভারতবাসীর আবেগে আঘাত হানতে পারে ।