একুশে জুলাই সমাবেশ মামলায় তিরস্কৃত কালীঘাট তৃণমূল

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব

‘২১ জুলাইয়ের সমাবেশে আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি’ বলে জানিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা দিল কলকাতা হাইকোর্ট। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়।শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান,-‘ সমাবেশকে কেন্দ্র করে কোনও আইনশৃঙ্খলার সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না? এর জবাবে তৃণমূলের পক্ষের আইনজীবী জানান, -‘গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনও ধরনের অশান্তির ঘটনা ঘটেনি’।রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, সমাবেশ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে আদালতের নির্ধারিত জমায়েতের সীমা অতিক্রম করা হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি অংশ যান চলাচলের জন্য খোলা রাখার কথা থাকলেও বাস্তবে রাস্তার দুই দিকই ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে। রাজ্যের এই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট বলেন, আদালতের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক। ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।উল্লেখ্য, একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে দীর্ঘদিন ধরেই আদালতের নির্দেশ এবং সমাবেশের স্থান নিয়ে বিতর্ক রয়েছে। সরকারের পরিবর্তনের পর এবার ধর্মতলার পরিবর্তে বিড়লা তারামণ্ডলের সামনে কর্মসূচির আয়োজন করা হলেও, রাজ্যের রিপোর্ট অনুযায়ী সেখানেও আদালতের নির্ধারিত একাধিক শর্ত পুরোপুরি মানা হয়নি। বিচারপতির এই পর্যবেক্ষণ ভবিষ্যতে বড় রাজনৈতিক সমাবেশ আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *