টিএমসিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

আসন্ন ২৮ অগস্ট টিএমসিপি প্রতিষ্ঠা দিবস। তার আগেই কর্মসূচির অনুমতি নিয়ে রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ কালীঘাটপন্থী শিবির। ২১ জুলাইয়ের পর এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরেও জল গড়াল হাইকোর্টে। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চেয়ে মামলা করেছে কালীঘাটপন্থী টিএমসিপি।সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ককুমার নাগ। তাঁর দাবি, -‘প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭জুলাই পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও উত্তর আসেনি। এর পর ৩ অগস্ট এবং ৭অগস্ট ফের পুলিশের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। তাতেও মেলেনি সাড়া’। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান আইনজীবী। মামলাটির দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। আগামী বুধবার শুনানি হতে পারে। প্রতি বছর ২৮ অগস্ট কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা হয়। তবে এ বার রাজনৈতিক পরিস্থিতি আলাদা। নির্বাচনী ফলের পর তৃণমূল একাধিক শিবিরে বিভক্ত। একটি অংশ এনসিপিআইয়ের সঙ্গে, অন্যটি বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। কালীঘাটের নেতৃত্বাধীন শিবিরও নিজেদের মতো করে সংগঠন চালাচ্ছে।গত ২১ জুলাইও সেই বিভাজনের ছবি দেখা গিয়েছিল। দিল্লিতে আলাদা কর্মসূচি করেছিল এনসিপিআই। কলকাতায় পৃথক কর্মসূচি পালন করেছিল কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী শিবির। এবার ২৮ অগস্ট কে কোথায় কর্মসূচি করে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তার মধ্যেই মেয়ো রোডের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাটপন্থী টিএমসিপি। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *